দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
রাজনীতি · 2026-11-08T10:13:49.000000Z · স্টাফ রিপোর্টার
বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ (রোববার, ৮ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’
আরও পড়ুন: ২১ মিনিট আগে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা তৈরি হবে। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)।
অনুষ্ঠানে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ এবং সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।