স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি, কারা থাকবেন দায়িত্বে?
শিক্ষা · 2026-11-08T07:09:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কমিটিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের রাখতে বলা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে।
দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে। এ জন্য অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানা ad-admin@dshe.gov.bd-এ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করে এ-সংক্রান্ত তথ্য অধিদপ্তরে জানাতে হবে।