শ্রীমঙ্গলের সময়

ফল বিপর্যয়ের পর কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, অমান্যে শাস্তি

শিক্ষা · 2026-11-03T15:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে চট্টগ্রামের রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না। বাটন ফোন ছাড়া স্মার্টফোন সঙ্গে আনাও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ। নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি বাটন ফোন ছাড়া স্মার্টফোন সঙ্গে আনাও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো কার্যকর করা হয়েছে।

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো শিক্ষার্থীর কাছে বাটন ফোন ছাড়া স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, ছাত্রদের জন্য নির্ধারিত ইউনিফর্ম সাদা শার্ট ও কালো প্যান্ট। ছাত্রীদের জন্য সাদা অ্যাপ্রোন (থ্রি-কোয়ার্টার), সাদা সালোয়ার-কামিজ ও সাদা ওড়না নির্ধারণ করা হয়েছে। তবে বোরকা পরিহিত ছাত্রীদের ক্ষেত্রে ইউনিফর্মের শর্ত শিথিলযোগ্য।

এ ছাড়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী বুধবার (৪ নভেম্বর) এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট) কলেজ অফিসে জমা দিতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের জন্য সব শিক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজটির চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৮২ জন। পাসের হার ২২ দশমিক ৭৮ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ জিপিএ-৫ পাননি। পাসের হারের দিক থেকে রাউজান উপজেলার ১৩টি কলেজের মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১২তম।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত