শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা, ছুটির বিষয়ে যা জানা গেল
শিক্ষা · 2026-11-03T09:52:00.000000Z · ডেস্ক রিপোর্ট
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে। দিনটি সরকারি ছুটি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের জন্য পৃথক চিঠিতে নির্দেশনা দিয়েছে মাউশি। ফলে ৭ নভেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি ঘিরে নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে।
এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।