শ্রীমঙ্গলের সময়

লক্ষ্মীপুরের রায়পুরে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আওয়ামী লীগ নেতা আইনজীবী মারুফের বিরুদ্ধে মামলা

সারাদেশ · 2026-11-19T02:51:58.000000Z · জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে জমির মালিকানা ও রেকর্ড নিয়ে বিরোধের জেরে দলিল জালিয়াতি, প্রতারণা ও জবরদখলের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মধুপুর এলাকার ইউসুফ ভূঁইয়া (৬১) আদালতে মামলাটি করেন। এতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফকে প্রধান আসামি করে মোট সাতজনের নাম রয়েছে। আসামি আইনজীবী হওয়ায় বাদী নিজে মামলা পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছেন, যার আদেশের অপেক্ষায় আছেন তিনি।

লক্ষ্মীপুরের রায়পুরে জমির মালিকানা ও রেকর্ড নিয়ে বিরোধের জেরে দলিল জালিয়াতি, প্রতারণা ও জবরদখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।

মামলায় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম বারাকাত বিন জাকারিয়া মারুফসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রায়পুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা ইউসুফ ভূঁইয়া (৬১)। মামলায় মারুফকে (৩৯) প্রধান আসামি করা হয়েছে। তাঁর সঙ্গে আরও ছয়জনের নাম রয়েছে।

এজাহার অনুযায়ী, মধুপুর মৌজার সিএস ৩৬ খতিয়ানের ৩৩৭ দাগের ৮ দশমিক ৫০ শতাংশ জমির মালিকানা ও রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বাদীর অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জমির মালিকানা দাবি করেছেন এবং দলিল ও রেকর্ডে অসংগতি তৈরি করেছেন।

এজাহারে আরও বলা হয়, গত ২৪ অক্টোবর সকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে দখলের চেষ্টা চালান। বাদীপক্ষের লোকজন বাধা দিলে তাঁদের ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাদী দাবি করেছেন, এ ঘটনার সাক্ষী ও প্রয়োজনীয় প্রমাণ তাঁর কাছে রয়েছে।

মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(৩), ৫(২), ৭(২) ও ১৬ ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান আসামি মারুফকে মুঠোফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, প্রধান আসামি আইনজীবী হওয়ায় বাদী নিজেই মামলা পরিচালনার অনুমতি চেয়ে আদালতে বিশেষ আবেদন করেছেন। বর্তমানে ওই আবেদনের বিষয়ে আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত