শ্রীমঙ্গলের সময়

সৌদি প্রবাসীর ৭৭ লাখ টাকা আত্মসাৎ, ফেরত চাইতে গিয়ে বৃদ্ধ বাবাকে মারধর ও হুমকি

সারাদেশ · 2026-11-19T02:49:25.000000Z · জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জের সৌদি প্রবাসী মোঃ ফয়সালের জমি কেনার জন্য পাঠানো ৭৭ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রায়পুরের দুই আত্মীয় বেলায়েত ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে ফয়সালের বাবা আবদুর রশীদ ভূঁইয়াকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি রায়পুর থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিল্লাল প্রতারক চক্রের খপ্পরে পড়ায় টাকা উধাও হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মোঃ ফয়সাল নামে এক সৌদি প্রবাসীর ৭৭ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত চাইতে গেলে ওই প্রবাসীর বৃদ্ধ বাবা আবদুর রশীদ ভূঁইয়াকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় রায়পুর উপজেলার বেলায়েত হোসেন ও তার ভাই বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রামগঞ্জের পূর্ব ভাদুর গ্রামের বাসিন্দা আবদুর রশীদ বাদী হয়ে রায়পুর থানায় এই অভিযোগ করেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত বেলায়েত ও বিল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার হুমায়ুন কবিরের ছেলে। সম্পর্কে তারা প্রবাসী ফয়সালের আত্মীয়।

লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা ফয়সালের সঙ্গে আত্মীয় বেলায়েত ও বিল্লালের পারিবারিক ও আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় জমি কেনার উদ্দেশ্যে গত ২৭ ও ২৮ অক্টোবর ফয়সাল তাদের ব্যাংক হিসাবে রেমিট্যান্সসহ মোট ৭৭ লাখ ৭৭ হাজার টাকা পাঠান। টাকাগুলো ফয়সালের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।

এরপর ফয়সাল আরও প্রায় ১৩ লাখ টাকা পাঠালে সেটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আগের ৭৭ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে তারা অস্বীকৃতি জানান। সবশেষ গত ৫ নভেম্বর সকালে বৃদ্ধ আবদুর রশীদ অভিযুক্তদের বাড়িতে টাকা চাইতে গেলে তার সঙ্গে বহু দুর্ব্যবহার করা হয়। একপর্যায়ে বাড়ি থেকে ফেরার পথে বৃদ্ধকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আবদুর রশীদ ভূঁইয়া বলেন, ওই টাকাগুলো আমার ছেলের সারাজীবনের একমাত্র সম্বল। তারা টাকাগুলো আত্মসাৎ করায় আমরা এখন চরম আর্থিক সংকট ও মানসিক চাপে আছি। টাকা চাইতে গেলে আমাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বয়স্ক মানুষ হিসেবে আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার ছেলের কষ্টার্জিত টাকাগুলো ফেরত চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বেলায়েত হোসেন ও বিল্লাল হোসেন টাকা আত্মসাৎ ও মারধরের বিষয়টি অস্বীকার করেন। তাদের দাবি, বিল্লাল অজ্ঞান পার্টি কিংবা প্রতারক চক্রের খপ্পরে পড়েছিলেন। ওই সময় ব্যাংক হিসাব থেকে টাকাগুলো উধাও হয়ে যায়। বৃদ্ধকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগটি সত্য নয়।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ভুক্তভোগী বৃদ্ধ আবদুর রশীদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত