শ্রীমঙ্গলের সময়

রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ও শীর্ষ বোমাবাজ মামুন রিমান্ডে; ওসি নিজাম উদ্দিনের বিচক্ষণতায় বড় নাশকতা থেকে রক্ষা পেল এলাকাবাসী

সারাদেশ · 2026-11-19T03:40:33.000000Z · জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চরবংশীতে ভাড়া বাসায় থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে নাজমুল হাসান মামুন (৩১) গ্রেপ্তার হয়েছেন। ৩ নভেম্বর রাতে খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও মাটিতে পোঁতা ১১টি আইইডি উদ্ধার করা হয়, যা ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে। আদালত মামুনের ৫ দিনের এবং সহযোগী জাবেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ মামুনের আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকায় গোপন আস্তানা গেড়ে বড় ধরনের নাশকতার ছক কষছিল দুর্ধর্ষ জঙ্গি ও দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ বোমাবাজের অন্যতম নাজমুল হাসান মামুন (৩১)। তবে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁঞার সর্বোচ্চ প্রচেষ্টা, ত্বরিত পদক্ষেপ ও বিচক্ষণ নেতৃত্বের অবদানে সেই ভয়াবহ পরিকল্পনা ভেস্তে গেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই শীর্ষ জঙ্গি বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

ককটেল বিস্ফোরণ, তিনজনকে ছুরিকাঘাত এবং ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাঁর ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি রায়পুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) লক্ষ্মীপুর আদালত মামুনের অন্যতম সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে, মামুনের বর্তমান পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে পুনরায় আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরাসরি তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়েই তাৎক্ষণিকভাবে অভিযানে নামে রায়পুর থানা পুলিশ। ওসি মোঃ নিজাম উদ্দিন ভূঁঞার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকেই নাজমুল হাসান মামুনকে আটক করা হয়। তবে আটকের পর অত্যন্ত চতুরতার সঙ্গে নিজের প্রকৃত পরিচয় গোপন করেন তিনি। পুলিশকে বিভ্রান্ত করতে তিনি নিজেকে ‘সাইফুল ইসলাম সুজন’ এবং বাড়ি ভোলা সদর উপজেলায় বলে দাবি করেন। পরবর্তীতে পুলিশের নিবিড় তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর আসল পরিচয় বেরিয়ে আসে।

মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর চরবংশী এলাকায় তাঁর ভাড়া বাসায় সাঁড়াশি অভিযান চালায় রায়পুর থানা পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও বাড়ির উঠানে মাটির নিচে অত্যন্ত সুকৌশলে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে ওসি নিজাম উদ্দিনের সমন্বয়ে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে শক্তিশালী বোমাগুলো নিষ্ক্রিয় করে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, প্রায় দুই মাস ধরে মামুনসহ কয়েকজন অপরিচিত যুবক উত্তর চরবংশী এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে অস্বাভাবিক ঘন বেষ্টনী তৈরি করা হয়েছিল, যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায় এবং কেউ আশপাশে যেতে না পারেন। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগও ছিল না। মাটির নিচ থেকে ১১টি শক্তিশালী বোমা উদ্ধারের পর পুরো চরবংশীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওসি নিজাম উদ্দিন ভূঁঞার সময়োচিত পদক্ষেপ ও বোমাগুলো নিষ্ক্রিয় হওয়ায় এখন জনমনে স্বস্তি ফিরেছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রায়পুর থানার ওসি।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, “নাজমুল হাসান মামুন একজন দুর্ধর্ষ জঙ্গি এবং দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ বোমাবাজের একজন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে তিনি ‘সাইফুল ইসলাম সুজন’ ছদ্মনাম এবং ভোলার ভুয়া ঠিকানাটি ব্যবহার করেছিলেন। মূলত তিনি বরিশালের কোতোয়ালি থানার রূপাতলী এলাকার বাসিন্দা এবং বর্তমানে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে।”

ওসি আরও বলেন, “বর্তমানে মামুনের পাঁচ দিনের এবং তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড চলছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। চরবংশীসহ পুরো রায়পুর উপজেলার সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। কোনো অপরাধী বা জঙ্গি গোষ্ঠীকে এই এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত