বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১
সিলেটের খবর · 2026-11-16T11:57:32.000000Z · জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ হযরত আলী (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে উল্লাসনগরে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর তিন চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এ সময় হযরত আলী (১৯) নামে এক তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার উল্লাসনগর এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হযরত আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি বিশ্বম্ভরপুরের উল্লাসনগর এলাকায় মজুত করার গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল উল্লাসনগর গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেনের বসতঘরের পূর্ব পাশের উঠানে ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল চক্রের সদস্য মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে ডিবি সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে হযরত আলীকে আটক করতে সক্ষম হন। পরে সেখানে রক্ষিত বস্তা তল্লাশি করে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় অবৈধ ‘শেখ নাসিরুদ্দিন বিড়ি’ উদ্ধার ও জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খান, কনস্টেবল মোশারফ ও দীপক মুন্ডা।
ডিবি পুলিশ জানিয়েছে, ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল আনার দায়ে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া তিন চোরাকারবারিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।