হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু
সিলেটের খবর · 2026-11-16T11:31:29.000000Z · প্রতিবেদক, হবিগঞ্জ
সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় তিন দিনব্যাপী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে পরিচালিত এই নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।বাছাই কার্যক্রম চলাকালে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য প্রার্থীদের কঠোর পরামর্শ দেন এবং দালাল ও প্রতারক চক্রের প্রলোভন থেকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।নিয়োগ বোর্ডকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস) সাইফুল্লাহ মো. নাছির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. কামরুজ্জামান সরদার।এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জের বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।