শ্রমিক আন্দোলনে মুখোশধারীদের অনুপ্রবেশের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় · 2026-11-01T15:49:00.000000Z · ডেস্ক রিপোর্ট
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে উৎপাদন ও রফতানি কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। একই সঙ্গে শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধান এবং কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
পোশাকশিল্পে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীরদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, শ্রমিকদের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশের রফতানি বাণিজ্য ও পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকারের কাছে কিছু তথ্য রয়েছে, যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তাঁর অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, যাতে দেশে অস্থিরতা তৈরি হয় এবং দেশের রফতানি বাণিজ্য ও পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ বিষয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, চলমান আন্দোলনে প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত নয়। শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এ জন্য শ্রমিক প্রতিনিধিদের নামও দেওয়া হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনমান উন্নয়ন এবং পোশাক কারখানার উৎপাদন ও রফতানি কার্যক্রম সচল রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় পোশাক কারখানার মালিকদের সব কারখানা ও উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে দেশের রফতানি বাণিজ্যে সংকট দেখা দেয়।
কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।