মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি, তৃতীয় অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষা · 2026-11-27T09:32:17.000000Z · ডেস্ক রিপোর্ট
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের যৌথ উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। আমন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সামনে অপার সম্ভাবনা রয়েছে। বস্ত্র খাতে বর্তমানে টেকসই উন্নয়ন, স্মার্ট টেক্সটাইল ও স্বয়ংক্রিয় প্রযুক্তির যুগ চলছে। বিভাগের পূর্বসূরিরা যে পথ তৈরি করেছেন, সেই ধারাবাহিকতায় নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদ্যাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজনে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দুই দশকের পথচলা ও অর্জন স্মরণ করার পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।