টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
সারাদেশ · 2026-11-07T11:27:31.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মারামারি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) ১০ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (০৭ নভেম্বর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন মারামারি মামলার আসামি। তারা সবাই উপজেলার গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। এরা হলেন— আলামিন খান (৪০), সুমন খান (২২), আকবর খান (৪৫), সাদেক খান (৪৬), জামাল খান (৪৬), মোমরেজ খান (৪৩), সবুর খান (৪৬) এবং জিকরুল (৩২)।অন্যদের মধ্যে নিলফা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি মামলার পরোয়ানাভুক্ত আসামি তরিক মুন্সীকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২০২৫ সালের ৬ অক্টোবর গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হন। পরে শ্রীরামকান্দি গ্রামের নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জনকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"