শ্রীমঙ্গলের সময়

নোবিপ্রবিতে বিজিই বিভাগের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা · 2026-11-18T10:42:00.000000Z · ডেস্ক রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধন ছেড়ে দূরে যাওয়া কষ্টকর হলেও ক্যারিয়ার গঠন ও কর্মজীবনে প্রবেশের জন্য শিক্ষার্থীরা আজ বিদায় নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের বাবা-মা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

উপাচার্য বলেন, ২০ বছর পর নোবিপ্রবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয় ভালো করছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেখানেই যান, যেন নোবিপ্রবির মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে সীমিত সম্পদের মধ্যেও প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু নছর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাঈমুল আলম ও অমিত চক্রবর্তী। আয়োজক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ১৭তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক এবং অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত