নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ‘এলিনরস কমন কর্নার’
শিক্ষা · 2026-11-18T13:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে শিক্ষার্থীদের জন্য ‘এলিনরস কমন কর্নার’ নামে একটি টি-স্টল চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচালনায় সুলভ মূল্যে চা, কফি ও টিফিনের ব্যবস্থা থাকবে এ কর্নারে। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিভাগের উদ্যোগে টি-স্টলটির উদ্বোধন করা হয়। বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, মাহবুব কামরুন ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক জাহিদ হোসেন এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি. এম. রাকিবুল ইসলাম।
বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, মাহবুব কামরুন ট্রাস্টের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্লাসের বিরতিতে সহজে টিফিনের ব্যবস্থা করতেই টি-স্টলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী এলিনর অস্ট্রমের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে ‘এলিনরস কমন কর্নার’।
শিক্ষার্থীদের পরিচালনায় এ কর্নারে সুলভ মূল্যে কফি, লেমন টি, মিল্ক টিসহ বিভিন্ন ধরনের টিফিন পাওয়া যাবে। শুধু অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাই নন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও এটি উন্মুক্ত থাকবে।
কর্তৃপক্ষের তথ্যমতে, স্টলটির স্থায়ী ব্যয় বহন করবে অর্থনীতি বিভাগ এবং পরিচালন ব্যয় বহন করবেন শিক্ষার্থীরা। লাভের অর্থ ভাগাভাগির ভিত্তিতে এটি পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, অর্থনীতি বিভাগের এ উদ্যোগ প্রশংসনীয়। অন্যান্য বিভাগও যেন এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেয়, সে প্রত্যাশা করেন তিনি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আদলে এ ধরনের উদ্যোগ প্রশাসনের কাজ কিছুটা সহজ করে বলেও মন্তব্য করেন উপাচার্য।
তিনি আরও বলেন, ২০২৮ সালের দিকে একাডেমিক ভবন-৩-এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তখন অর্থনীতি বিভাগকে ভালো একটি জায়গা দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক বলেন, অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী এলিনর অস্ট্রম কমন্স নিয়ে গবেষণার জন্য পরিচিত। তাঁর নাম অনুসারেই কর্নারটির নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রত্যয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে চালু করা হয়নি; বরং শিক্ষার্থীরাই এটি পরিচালনা করবেন। লাভের বেশির ভাগ অংশ শিক্ষার্থীদের কাছে থাকবে। এর মাধ্যমে অসচ্ছল কয়েকজন শিক্ষার্থীর স্বাবলম্বী হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
কর্নারটি চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরাও। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার হাফসা বলেন, বিভাগীয় চেয়ারম্যানের উদ্যোগে কর্নারটি চালু হওয়ায় তাঁরা কৃতজ্ঞ। ক্লাসের অবসর সময়ে বিভাগেই চা-কফির ব্যবস্থা থাকলে বাইরে যেতে হবে না। একই সঙ্গে বিভাগে আড্ডা ও আলোচনার সুযোগ তৈরি হবে।
একই বিভাগের শিক্ষার্থী মাহমুদা হোসেন মৌরিন বলেন, কমন কর্নারটি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হওয়ায় তাঁরা কোনো প্রতিষ্ঠান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে কফি, মিল্ক টি ও লেমন টি বিক্রি করা হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে চা-কফি উপভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।