শ্রীমঙ্গলের সময়

ইবিতে কুমিল্লা ছাত্রকল্যাণের নবীন বরণ

শিক্ষা · 2026-11-18T14:06:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মালেক এবং বিএনসিসির উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফোরামের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, চাবির রিং, কলম ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ফোরামের সভাপতি সাইফুল্লাহ বলেন, পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, মা-বাবার স্বপ্ন পূরণে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এ জন্য রুটিন তৈরি করে নিয়মিত পড়াশোনা, ইবাদত, বিশ্রাম ও দৈনন্দিন কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত