শ্রীমঙ্গলের সময়

ইমরান খানকে নতুন কারাগারে নেওয়ার পরিকল্পনা, উদ্বোধন নভেম্বরে

বিশ্ব · 2026-10-26T05:10:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ইসলামাবাদে আধুনিক কারাগারের প্রথম ধাপের কাজ শেষ | ২০–৩০ নভেম্বর স্থানান্তর হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেক্টর এইচ-১৬-তে নির্মিত নতুন মডেল কারাগারের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। আগামী ১ থেকে ১০ নভেম্বরের মধ্যে কারাগারটির উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। প্রথম ধাপে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ প্রায় দেড় হাজার বন্দিকে নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে দুই হাজার বন্দিকে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে প্রায় দেড় হাজার করা হয়েছে। প্রথম পর্যায়ে তিনটি ব্যারাক, ৩৫ শয্যার একটি ছোট হাসপাতাল, মসজিদ ও রান্নাঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।

নতুন কারাগারটি ইসলামাবাদের সেক্টর এইচ-১৬-তে ৯০ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজও চলবে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই পর্যায়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

কারাগারটির সঙ্গে মোটরওয়ে ও কাশ্মীর হাইওয়ের সংযোগ সড়ক উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে। পাশাপাশি কারাগারের কাছে একটি বড় ইন্টারচেঞ্জ নির্মাণের নকশা ও প্রকল্প প্রস্তাব তৈরির কাজও শুরু হয়েছে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৫০ কোটি পাকিস্তানি রুপি। তবে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও অন্যান্য কারণে চার বছরে প্রকল্পের ব্যয় বেড়ে দুই হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথম পর্যায়ে আদিয়ালা কারাগার থেকে শুধু বিচারাধীন বন্দিদের স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যাঁদের মামলার বিচার আদালতে চলছে, তাঁদেরই এই ধাপে নেওয়া হবে। সাজাপ্রাপ্ত বন্দিদের এখনই স্থানান্তর করা হবে না। কারা সূত্রের ভাষ্য অনুযায়ী, এতে বিচারাধীন বন্দিদের নিরাপত্তার মধ্যে সরাসরি আদালতে হাজির করা সহজ হবে।

সাজাপ্রাপ্ত বন্দিদের স্থানান্তর শুরু হতে পারে ২০২৭ সালে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

কারা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আদিয়ালা কারাগার থেকে নতুন কারাগারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর জন্য একটি বিশেষ ওয়ার্ডের নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) নজরদারি ব্যবস্থা স্থাপনের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে ইমরান খানের স্থানান্তরের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের সূত্রগুলো জানিয়েছে, ইসলামাবাদের বাসিন্দা বন্দি ও বিচারাধীন আসামিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নভেম্বরেই তাঁদের স্থানান্তরের প্রস্তুতি চলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইতিমধ্যে নতুন কারাগারটি পরিদর্শন করেছেন। তিনি ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন মডেল কারাগারে খেলাধুলার মাঠ, পাঠাগার, মসজিদ, ইমামবাড়া ও গির্জাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। নারী ও শিশুদের জন্য পৃথক ওয়ার্ডও নির্মাণ করা হয়েছে।

ইসলামাবাদের জন্য আধুনিক সংশোধনাগার গড়ে তোলা এবং আদিয়ালা কারাগারের ওপর চাপ কমানো প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি রাজধানীর আদালতে বিচারাধীন মামলার আসামিদের আদালতের কাছাকাছি রাখার ব্যবস্থাও তৈরি হবে। তবে ইমরান খানকে স্থানান্তরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত