শ্রীমঙ্গলের সময়

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় · 2026-10-26T04:01:00.000000Z · ডেস্ক রিপোর্ট

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য কারসাজি, কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৫২টি বিশেষ দলের অভিযানে ১০১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১০১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৫২টি বিশেষ দল আজ সোমবার (২৬ অক্টোবর) দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরির বিষয়গুলো খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্য কেনাবেচার রশিদ, হালনাগাদ মূল্যতালিকা এবং পণ্যের ওজন সঠিক কি না, তা যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ডিজিটাল ওজনযন্ত্র ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ নথিপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অযৌক্তিকভাবে পণ্য মজুত করা এবং সরবরাহব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে অভিযানকালে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। এতে পণ্যের সঠিক মূল্য, ওজন ও কেনাবেচার নথিপত্র সংরক্ষণের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এদিকে, বাজারে পণ্যের সংকটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেনাকাটার সময় পণ্যের মেয়াদ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যাচাই করার পাশাপাশি ক্যাশমেমো বা ক্রয়ভাউচার সংগ্রহ করতে ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

পণ্য কেনাবেচায় প্রতারণা, মূল্য কারসাজি কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত