শ্রীমঙ্গলের সময়

এইচএসসিতে দুই বিষয়ে ফেল নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা

শিক্ষা · 2026-11-01T04:01:00.000000Z · ডেস্ক রিপোর্ট

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তাঁর বাবার দাবি, পুলিশি হয়রানি ও কারাগারে থাকার কারণে ছেলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, প্রিন্সের শারীরিক পরীক্ষায় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তাঁর বাবার দাবি, পুলিশি হয়রানি ও বারবার কারাগারে থাকার কারণে ছেলে পরীক্ষার যথাযথ প্রস্তুতি নিতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী জানান, তাঁর ছেলে এখনো পুরোপুরি সুস্থ হননি। তবে তিনি কথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকেরা তাঁকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রিন্স। সেখানে তাঁর আশপাশে কড়া পুলিশি পাহারা রয়েছে।

প্রিন্সের বাবা বলেন, গত এক বছরে দফায় দফায় তাঁর ছেলেকে ১২০ দিন কারাগারে থাকতে হয়েছে। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৯ পেয়েছিলেন প্রিন্স। এবার কারাগারে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি। পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছেন তিনি।

প্রিন্সের পরিবার সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করে। তিনি ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সুনামগঞ্জ ও সিলেট মিলিয়ে পাঁচজন সরকারি চিকিৎসক প্রিন্সের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর খিঁচুনি রোগ রয়েছে।

ওসি আরও বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিন্স অনলাইনে সক্রিয় থেকে গুজব ছড়াচ্ছেন। তাঁর হয়ে পুলিশকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে ফোন নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যে হাসপাতালে প্রিন্স রয়েছেন, সেখানে পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত