নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে র্যাগিং-চাঁদাবাজির তথ্য চেয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বান
শিক্ষা · 2026-11-18T13:29:36.000000Z · ক্যাম্পাস রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তথ্য-প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কারও কাছে তথ্য বা প্রমাণ থাকলে তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কাছে সরবরাহ করতে হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, তারা প্রতিহিংসা কিংবা হয়রানির রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তি বা পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।
তথ্য-প্রমাণ সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।