শ্রীমঙ্গলের সময়

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, রয়েছে যে নিয়ম

অর্থনীতি · 2026-10-30T02:31:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আগামী রোববার (১ নভেম্বর)। এ ড্রয়ে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা। ড্রয়ের আওতায় থাকবে নির্ধারিত তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ড। পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ উৎসে কর কাটা হবে।

বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আগামী রোববার (১ নভেম্বর)। এ ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াতে সরকার বাংলাদেশ প্রাইজবন্ড চালু করে। এর অন্যতম সুবিধা হলো, যেকোনো সময় প্রাইজবন্ড কেনা ও ভাঙানো যায়। পাশাপাশি নির্ধারিত ড্রয়ে বিজয়ী হলে বন্ডের বিপরীতে পুরস্কারের অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।

প্রাইজবন্ডের ড্রয়ে ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সব সিরিজের একই নম্বরের বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে। অর্থাৎ কোনো একটি নম্বর বিজয়ী হলে ওই নম্বরের সব সিরিজের বন্ডই পুরস্কার পাওয়ার যোগ্য হবে।

ড্রয়ে কোন কোন প্রাইজবন্ড অংশ নিতে পারবে, সে বিষয়েও নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় থাকবে। এ ক্ষেত্রে বন্ড বিক্রির দিন গণনায় অন্তর্ভুক্ত হবে। তবে ড্রয়ের তারিখ গণনা করা হবে না।

পুরস্কারের অর্থ পাওয়ার ক্ষেত্রে কর কর্তনের বিধানও রয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। ফলে বিজয়ীরা ঘোষিত পুরস্কারের পুরো অর্থ পাবেন না; কর কর্তনের পর অবশিষ্ট অর্থ দেওয়া হবে। যেমন, প্রথম পুরস্কারের ৬ লাখ টাকা থেকে ২৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার টাকা কর কাটা হলে বিজয়ীর হাতে থাকবে ৪ লাখ ৫০ হাজার টাকা।

সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়। সে নিয়ম অনুযায়ী এবার ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে রোববার।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত