রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট
বিশ্ব · 2026-11-15T13:56:00.000000Z · ডেস্ক রিপোর্ট
মাঝারি দূরত্বের যাত্রায় সময় ও ভোগান্তি কমাতে নতুন ধরনের হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা। ‘ইএল৯ আল্ট্রা শর্ট’ নামের এই উড়োজাহাজটি প্রচলিত বিমানবন্দরের দীর্ঘ রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় ওঠানামা করতে পারবে। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহনের সক্ষমতা রাখার পরিকল্পনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সম্প্রতি এই উড়োজাহাজের প্রযুক্তি, সক্ষমতা ও বাণিজ্যিক সম্ভাবনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বিমানবন্দরনির্ভরতা কমিয়ে শহর ও প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ তৈরি করা।
ইলেকট্রার তৈরি ইএল৯ আল্ট্রা শর্টে থাকবে একটি গ্যাস টারবাইনচালিত জেনারেটর এবং আটটি বৈদ্যুতিক মোটর। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময় টারবাইন থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করা যাবে। সেই বিদ্যুৎ ব্যবহার করে ডানায় বসানো আটটি প্রপেলার পরিচালিত হবে। এর ফলে প্রচলিত উড়োজাহাজের তুলনায় কম গতিতেও ডানায় পর্যাপ্ত উত্তোলন শক্তি তৈরি করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি পূর্ণ যাত্রী বা মালামাল নিয়ে প্রায় ৩৮০ মাইল পথ অতিক্রম করতে পারবে। প্রচলিত সমমানের উড়োজাহাজের তুলনায় এর জ্বালানি খরচ প্রায় ৪০ শতাংশ কম হতে পারে। পাশাপাশি হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় ৭০ শতাংশ পর্যন্ত কমানোর লক্ষ্য রয়েছে। উড্ডয়নের সময় শব্দের মাত্রা প্রায় ৭৫ ডেসিবেল, যা সাধারণ ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের কাছাকাছি।
এই উড়োজাহাজের অন্যতম আকর্ষণ এর স্বল্প দূরত্বে ওঠানামার সক্ষমতা। ডানার প্রপেলারগুলো বাতাসের প্রবাহ বাড়িয়ে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় উত্তোলন শক্তি তৈরি করে। ঘণ্টায় প্রায় ৩০ মাইল গতিতেই এটি উড্ডয়ন শুরু করতে পারবে। উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই এটি উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ইএল৯ প্রচলিত উল্লম্ব উড্ডয়ন ও অবতরণকারী উড়োজাহাজ বা হেলিকপ্টারের মতো সরাসরি সোজা ওপরে ওঠে না। বরং অল্প দূরত্বে দ্রুত গতি অর্জন করে ডানার বিশেষ প্রযুক্তির সাহায্যে উড্ডয়ন করে। ফলে বড় বিমানবন্দরের পরিবর্তে হেলিপোর্ট, খোলা মাঠ, পার্কিং এলাকা কিংবা উপযুক্ত সমতল জায়গাকেও ওঠানামার স্থান হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
গত ২৬ অক্টোবর নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে ৩০০ ফুট দীর্ঘ একটি ভাসমান বার্জে ইলেকট্রার দুই আসনের পরীক্ষামূলক উড়োজাহাজ ইএল২ সফলভাবে ওঠানামার প্রদর্শনী করে। এই পরীক্ষার মাধ্যমে অল্প জায়গায় উড়োজাহাজ পরিচালনার প্রযুক্তি বাস্তবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
ইলেকট্রার হিসাব অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কের একটি হেলিপোর্টে পৌঁছাতে ইএল৯ ব্যবহার করলে সময় লাগতে পারে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি বিমান পরিবহন সংস্থা ও অপারেটরের কাছ থেকে ২ হাজার ২০০টির বেশি উড়োজাহাজের আগাম অর্ডার পেয়েছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন শাখাও উড়োজাহাজটি ব্যবহারের বিষয়ে চুক্তি করেছে। দুর্গম এলাকায় নীরবে মালামাল পৌঁছানোর পাশাপাশি ভূমিতে অবস্থান করে বিদ্যুৎ সরবরাহের কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক অ্যালেনের দাবি, উড়োজাহাজটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ১৫টি বাড়ির প্রয়োজন মেটানো সম্ভব।
তবে এখনো বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেনি ইএল৯। ২০২৭ সালের শেষ দিকে নরওয়ের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। সব পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে ২০৩০ সাল নাগাদ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিটি বাণিজ্যিক উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে প্রাথমিক পর্যায়ে এটি মূলত বিমান পরিবহন সংস্থা, সামরিক বাহিনী ও বিশেষায়িত অপারেটরদের ব্যবহারের উপযোগী হবে। প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারলে মাঝারি দূরত্বের যাতায়াত এবং আঞ্চলিক বিমান পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সূত্র: সিএনএন, ইলেকট্রা