শ্রীমঙ্গলের সময়

দৈনন্দিন যে ৫ অভ্যাস আপনার লিভারের ক্ষতি করতে পারে

লাইফস্টাইল · 2026-11-15T13:14:14.000000Z · মেইল ডেস্ক

লিভারের ক্ষতি মানেই মদ্যপানের অভ্যাস থাকতে হবে, এমন ধারণা ঠিক নয়। প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসও অজান্তে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে। রাতে দেরিতে খাওয়া, প্যাকেটজাত ফলের রস পান, দীর্ঘ সময় বসে থাকা কিংবা পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো বিষয়গুলোকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। অথচ এসব অভ্যাস নিয়মিত চলতে থাকলে শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে, যা লিভারের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মদ্যপান না করলেও লিভারের ক্ষতি করতে পারে, এমন পাঁচটি দৈনন্দিন অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকেরা এমন অনেক রোগী দেখছেন, যাদের মদ্যপানের ইতিহাস নেই, কিন্তু লিভারে চর্বি জমেছে। তাদের মধ্যে তরুণ পেশাজীবীরাও রয়েছেন। অনেকের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আগে এ সমস্যা সম্পর্কে কোনো ধারণাই থাকে না। প্রতিবেদনে বিশেষজ্ঞ হিসেবে মত দিয়েছেন ফরিদাবাদের অমৃতা হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারির পরামর্শক ও সহকারী অধ্যাপক ডা. জয়া আগরওয়াল।

১. রাতে দেরিতে খেয়ে ঘুমাতে যাওয়া

রাতে দেরি করে খাবার খাওয়া সব সময় ক্ষতিকর নয়। তবে নিয়মিত ঘুমানোর ঠিক আগে বেশি পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস বিপাকীয় স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতের খাবারে অতিরিক্ত পরিমাণ, মিষ্টিজাতীয় খাবার ও পরিশোধিত শর্করা থাকলে শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি জমতে পারে। এর ফলে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ে।


দেরিতে রাতের খাবার খাওয়ার সঙ্গে অনেক সময় অনিয়মিত খাদ্যাভ্যাস ও ঘন ঘন নাশতা করার প্রবণতাও যুক্ত থাকে। তাই রাতে খাবারের সময় নিয়মিত রাখা এবং ঘুমানোর ঠিক আগে ভারী খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। রাতের খাবারে পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার রাখাও গুরুত্বপূর্ণ।

২. ফলের রসকে স্বাস্থ্যকর পানীয় মনে করা

ফল স্বাস্থ্যের জন্য উপকারী বলে অনেকেই প্যাকেটজাত ফলের রসকেও সমান স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু গোটা ফলের তুলনায় ফলের রসে আঁশের পরিমাণ অনেক কম থাকতে পারে। আবার কিছু প্যাকেটজাত রসে বাড়তি চিনিও থাকে।

নিয়মিত চিনিযুক্ত পানীয় পান করলে শরীরে অতিরিক্ত ক্যালরি প্রবেশ করতে পারে। এসব পানীয় খাওয়ার পর পেটও গোটা ফলের মতো দীর্ঘ সময় ভরা থাকে না। অতিরিক্ত চিনি ও ক্যালরি লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে। তাই ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়াকে ভালো বিকল্প হিসেবে উল্লেখ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া। চিনিযুক্ত পানীয়ের বদলে সাধারণ পানিও বেছে নেওয়া যেতে পারে।

৩. অল্প সময় ব্যায়াম করে দিনের বাকি সময় বসে থাকা

সকালে হাঁটা কিংবা কিছুক্ষণ ব্যায়াম করা অবশ্যই ভালো অভ্যাস। কিন্তু দিনের বেশির ভাগ সময় যদি বসে কাটে, তাহলে শুধু ওই অল্প সময়ের ব্যায়াম দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকার প্রভাব পুরোপুরি কাটাতে পারে না।

দীর্ঘ সময় বসে থাকলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা এবং গ্লুকোজ ও চর্বি ব্যবস্থাপনার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। ইনসুলিন প্রতিরোধের প্রবণতা তৈরি হলে লিভারে বেশি চর্বি জমার সুযোগ তৈরি হয়। তাই ব্যায়ামের পাশাপাশি কর্মব্যস্ত দিনের মধ্যেও শরীর সচল রাখা জরুরি। একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটা, দাঁড়িয়ে কাজ করা কিংবা কাজের ফাঁকে কিছুটা নড়াচড়া করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

৪. প্রতিদিন পাঁচ ঘণ্টা ঘুমানো

ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন পাঁচ ঘণ্টা বা তারও কম সময় ঘুমান। কেউ কাজের চাপ, আবার কেউ রাত জেগে বিভিন্ন কাজে সময় দেওয়ার কারণে পর্যাপ্ত ঘুমের সুযোগ পান না। কিন্তু নিয়মিত কম ঘুমানোর অভ্যাস শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণ, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ এবং শরীরের শক্তি ব্যবস্থাপনায় প্রভাব পড়ে। দীর্ঘদিন এমন চলতে থাকলে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা কঠিন হতে পারে। ঘুমের সমস্যার সঙ্গে বিপাকীয় জটিলতার সম্পর্ক রয়েছে, যা ফ্যাটি লিভারের সঙ্গেও যুক্ত হতে পারে।

তবে এক রাত কম ঘুমালেই লিভারের ক্ষতি হয়, বিষয়টি এমন নয়। বরং দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুমের অভ্যাসই উদ্বেগের কারণ। প্রতিবেদনে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমের লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৫. ওজন স্বাভাবিক মানেই লিভার সুস্থ মনে করা

অনেকের ধারণা, শরীরের ওজন স্বাভাবিক থাকলে লিভারেও কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু বিষয়টি সব সময় এমন নয়। শরীরের গড়ন পাতলা বা ওজন স্বাভাবিক হলেও কারও কারও অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে অতিরিক্ত চর্বি জমতে পারে। বিশেষ করে দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে স্বাভাবিক বডি মাস ইনডেক্স (বিএমআই) থাকা সত্ত্বেও এমন ঝুঁকি থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে জমা এই চর্বিকে ভিসেরাল ফ্যাট বলা হয়। এটি শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলে এবং ইনসুলিন প্রতিরোধ ও বিপাকীয় রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই শুধু ওজন দিয়ে লিভারের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। কোমরের মাপ, রক্তে শর্করা ও চর্বির মাত্রাসহ অন্যান্য স্বাস্থ্যসূচকও বিবেচনায় রাখা প্রয়োজন।

ডা. জয়া আগরওয়াল সতর্ক করে বলেছেন, ফ্যাটি লিভার সব সময় দৃশ্যমান কোনো লক্ষণ নিয়ে দেখা দেয় না। ফলে বাইরে থেকে সুস্থ মনে হলেও শরীরে বিপাকীয় সমস্যা থাকতে পারে।

লিভার ভালো রাখতে যা করবেন

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভারের সমস্যা অনেক ক্ষেত্রে জীবনযাপনে টেকসই পরিবর্তনের মাধ্যমে উন্নত করা সম্ভব। এ জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ, চিনিযুক্ত পানীয় কমানো এবং পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, পেটের অতিরিক্ত মেদ কিংবা অন্যান্য বিপাকীয় ঝুঁকি থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলে লিভারের স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। শুধু মদ্যপান না করা কিংবা স্বাভাবিক ওজন থাকা মানেই লিভার সম্পূর্ণ সুস্থ, এমন নিশ্চয়তা নেই।

সব মিলিয়ে লিভারের সুস্থতা বজায় রাখতে বড় কোনো পরিবর্তনের চেয়ে দৈনন্দিন অভ্যাসের দিকে মনোযোগ দেওয়া জরুরি। সময়মতো খাবার খাওয়া, চিনিযুক্ত পানীয়ের বদলে স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া, দীর্ঘক্ষণ বসে না থাকা এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে লিভারের ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত