উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা চলছে : প্রতিমন্ত্রী
রাজনীতি · 2026-11-26T12:24:00.000000Z · মেইল ডেস্ক
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে আবারও দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বর্তমান সরকারের উন্নয়নকাজে বাধা সৃষ্টি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তি মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে দুপুর ১২টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া নিম্ন-আয় এলাকায় ৯০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।
প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ২৬৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে এবং ভৈরবের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
তিনি আরও বলেন, পতিত ও পরাজিত শক্তি ৯ মাসেও মাথা নত করেনি। ২০২৪ সালের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তারা বিএনপি সরকারের উন্নয়নকাজে বাধা দিচ্ছে এবং সারা দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিগত ১৭ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের ৯ মাসে কোনো গায়েবি মামলা হয়নি এবং কেউ হয়রানির শিকার হননি। দেশের মানুষ পতিত ও পরাজিত শক্তিকে আর দেখতে চায় না।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ২৮ ও ২৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে ভৈরব, কুলিয়ারচর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থাকতে হবে। কেউ যেন ককটেল বিস্ফোরণ বা পেট্রোল বোমা নিক্ষেপ করে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কোনো দোসরের সঙ্গে যোগাযোগ না রাখা এবং তথ্য পাচার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে।
সবশেষে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তবে কেউ পরিকল্পিতভাবে গণতান্ত্রিক দেশের ক্ষতি করতে চাইলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।