লিখিতভাবে আমার প্রতিশ্রুতি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি - মাওলানা হাবীবুর রহমান
সারাদেশ · 2026-11-03T06:23:14.000000Z · স্টাফ রিপোর্টার
নির্বাচনে শুধু মুখের কথায় নয়, লিখিতভাবেই আমার প্রতিশ্রুতি তুলে ধরেছি। দীর্ঘদিন ধরে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করে ইউনিয়নের মানুষের ঘরে ঘরে আমার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছি।এভাবেই নিজের নির্বাচনী পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১ নম্বর বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি সাংবাদিক হাবীবুর রহমান।রোববার (১ নভেম্বর) রাতে জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও গণসংযোগ করে তাদের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা জানার চেষ্টা করেছেন। শুধু নির্বাচনের সময় নয়, মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি এগিয়ে যেতে চান। এ জন্য নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো লিফলেটের মাধ্যমে লিখিতভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাওলানা মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা খন্দকার আবুল ফজল।এ সময় বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মুফতি ইব্রাহীম কাশেমী, আব্দুর রাশিদ খোকন, মুফতি আজিম উদ্দিন, ক্বারী আলী হোসেন, হাফেজ খেফায়েতুল্লাহ, মাহতাব উদ্দিন, মুফতি তৌফিকুল ইসলাম, আব্দুল খালেক সরকার ও হযরত মাওলানা মনজুরুল হক।সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রার্থীর নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতি নিয়েও মতামত তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।