সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারে আলোর ছায়া: স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ডেপুটি স্পিকার
সারাদেশ · 2026-11-03T11:42:00.000000Z · সিনিয়র রিপোর্টার
নেত্রকোনার সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের মৃত্যুর পর নেমে আসা ঘোর অন্ধকারে যেন এক ফালি আশার আলো জ্বলে উঠল। বাবার শূন্যতায় কাতর দুই অবুঝ শিশু আর অসুস্থ শাশুড়িকে নিয়ে অকুল সাগরে ভাসছিলেন নিহতের স্ত্রী খাদিজা আক্তার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যখন তিনি দিশেহারা, ঠিক তখনই দেবদূতের মতো এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।কোমলমতি শিশুদের ভবিষ্যৎ ও পরিবারের দুরবস্থার কথা চিন্তা করে খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ডেপুটি স্পিকার। রাজধানীর স্বনামধন্য বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে তার চাকরির ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।চাকরি পাওয়ার অনুভূতি প্রকাশ করে খাদিজা আক্তার বলেন, "ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামীর মৃত্যুর পরপরই তিনি নগদ এক লাখ টাকা এবং আমাদের পরিবারের সবার জন্য নতুন কাপড় পাঠিয়েছিলেন। এখন আমার সন্তানদের কথা ভেবে তিনি চাকরির ব্যবস্থা করলেন। গত বৃহস্পতিবার থেকে আমি কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি, আপাতত এখানেই থাকব। তিনি আমাদের সংসারে ঈশ্বরের দূত হয়ে এলেন। আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ।"নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে খাদিজা আক্তারের কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। নার্স হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাংবাদিক আলিফ ফকিরের শোকাহত পরিবারের পাশে ডেপুটি স্পিকারের এই মানবিক উদ্যোগ সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।