গোপালগঞ্জে চারমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, ইমাদ ও দোলা পরিবহনের বাস জড়িত
সারাদেশ ·
2026-11-03T10:52:00.000000Z
· মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এই ব্যস্ততম মোড়ে চতুর্মুখী সংঘর্ষের এ ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।প্রত্যক্ষদর্শীরা যা জানান:প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের অপর একটি বাসকে ধাক্কা দিলে সেটি ছিটকে আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শহিদুল ইসলাম নিহত হন।পুলিশের বক্তব্য:ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, "দুর্ঘটনাটি মাত্রই ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ ও ঘটনাস্থল পর্যবেক্ষণের কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"