শ্রীমঙ্গলের সময়

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময়

সারাদেশ · 2026-11-02T20:05:00.000000Z · সিনিয়র রিপোর্টার


​কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কালীগঞ্জ উপজেলা শাখা)-এর এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।​সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসানের সঞ্চালনায় এবং সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।​সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন ও নানা প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ক্লিনিক মালিকেরা। তাঁরা বলেন, "আমরা নিবন্ধিত চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে সরকারের নিয়মানুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিস সনদ, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, নারকোটিক্স লাইসেন্স, টিআইএন, বিআইএন, ট্রেড লাইসেন্স ও ডিজি হেলথ লাইসেন্স প্রাপ্তি এবং সময়মতো নবায়নে আমাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়।"​বক্তারা আরও উল্লেখ করেন, একজন চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীকে সুস্থ করে তোলার। তবে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে দুর্ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে 'ভুল চিকিৎসা'র অভিযোগ এনে প্রতিষ্ঠান ও চিকিৎসকদের দায়ী করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে এবং কার্যক্রম গতিশীল করতে দ্রুততম সময়ের মধ্যে নতুন লাইসেন্স প্রদান ও পুরনো লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।​মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, উলুখোলা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনস্টিক সেন্টার এবং কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত