চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-11-02T15:00:06.000000Z · জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়াতে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে চুনারুঘাট উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মশালায় শিক্ষার্থীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা, ভূমি ব্যবস্থাপনা এবং এ-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালাটিকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা আরও বাড়াতে ভবিষ্যতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মশালা ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।