শ্রীমঙ্গলের সময়

রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র এখন নিজেই সংকটে: ৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন

সারাদেশ · 2026-11-16T11:59:28.000000Z · জেলা প্রতিনিধি

১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত রায়পুরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে বাস্তবে কাজ করছেন মাত্র ১৩ জন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদই শূন্য, ল্যাবরেটরি বন্ধ, বড় জেনারেটর নষ্ট এবং ৭৫টি পুকুরের জন্য পর্যাপ্ত পাম্প নেই। তবু সীমিত সামর্থ্যে চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আকন্দ। দ্রুত পদায়ন ও অবকাঠামো সংস্কার না হলে কেন্দ্রটির কার্যক্রম হুমকিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমানে তীব্র জনবল ও অবকাঠামোগত সংকটে ধুঁকছে। ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত ৭৫টি পুকুর সংবলিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি জাতীয় মৎস্যসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চললেও চরম অবহেলায় এর কার্যক্ষমতা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে।

প্রতিষ্ঠানটির অনুমোদিত ৭৭টি পদের বিপরীতে বর্তমানে কাগজে-কলমে ১৮ জন পদায়িত থাকলেও ৫ জন প্রেষণে রয়েছেন। ফলে বাস্তবে পুরো কেন্দ্রের কাজ চালিয়ে নিচ্ছেন মাত্র ১৩ জন কর্মকর্তা-কর্মচারী।
প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন এবং বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদই শূন্য।
দ্বীতিয় শ্রেণির একমাত্র পদটিও দীর্ঘদিন ধরে খালি।
তৃতীয় শ্রেণির ৪১টি পদের মধ্যে আটজন এবং চতুর্থ শ্রেণির ২৯টি পদের মধ্যে মাত্র ১২ জন কর্মরত আছেন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতেও কেউ নেই। ফলে অল্পসংখ্যক কর্মীকে অতিরিক্ত কাজের প্রচণ্ড চাপ সামলাতে হচ্ছে।

জনবলের পাশাপাশি অবকাঠামো ও যন্ত্রপাতির বেহাল দশা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ল্যাবরেটরি পুরোপুরি বন্ধ রয়েছে। আবাসিক ভবন ও ডরমিটরির পরিবেশ বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে এবং সীমানাপ্রাচীরের একাংশও ধসে পড়ার উপক্রম হয়েছে।
৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচ কার্যক্রমের জন্য পর্যাপ্ত পাম্প নেই। পাশাপাশি, বড় জেনারেটরটি নষ্ট থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় একটিমাত্র ছোট জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। পুরোনো যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে কোনোমতে সচল রাখা হয়েছে হ্যাচারির কার্যক্রম।

এতসব প্রতিকূলতা ও জনবলের মারাত্মক ঘাটতি সত্ত্বেও সীমিত সাধ্যের মধ্যেই চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আকন্দ। তিনি জানান, জনবল সংকটের বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান মিলবে বলে তাঁরা আশাবাদী।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, দেশের মৎস্য খাতে অনন্য অবদান রাখা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় সময়মতো পদায়ন, অবকাঠামো সংস্কার ও আধুনিক যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করা না হলে এর উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম স্থায়ীভাবে হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত