মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসকের
সিলেটের খবর · 2026-11-16T11:13:39.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
বৈধ লাইসেন্স ছাড়া মৌলভীবাজার জেলায় কোনো হোটেল বা রিসোর্ট পরিচালনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, "মৌলভীবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এ খাতের টেকসই উন্নয়নে হোটেল-রিসোর্টগুলোর নিরাপত্তা, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সেবার মান নিশ্চিত করা অপরিহার্য। পর্যটকরা যেন নিরাপদ ও মানসম্মত পরিবেশে অবস্থান করতে পারেন, সে বিষয়ে মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ফখরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন।মতবিনিময় সভায় বক্তারা জেলার হোটেল-মোটেলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন প্রান্তের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকরা উপস্থিত ছিলেন।