গোপালগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত
সারাদেশ ·
2026-11-16T11:49:05.000000Z
· মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ সদর উপজেলায় চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন বাবুল বিশ্বাস। টের পেয়ে ঘরের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় বাবুল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।