শ্রীমঙ্গলের সময়

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

সারাদেশ · 2026-11-16T11:39:11.000000Z · সিনিয়র রিপোর্টার


​গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের তীব্র জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩৩ জন; ফলে শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ ৫৩টি পদ।
​কালীগঞ্জ উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী পলাশ, রূপগঞ্জ ও কাপাসিয়া উপজেলা থেকেও প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা থাকলেও বিদ্যমান জনবল সংকট দূর না হলে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ আরও বহুগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।​হাসপাতাল সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে হাসপাতালটির বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ৮২৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
​সেবা নিতে আসা রোগীদের অভিজ্ঞতা মিশ্র। কেউ কেউ হাসপাতালের সেবার মানের প্রশংসা করলেও একটা বড় অংশের অভিযোগ রয়েছে— চিকিৎসক সংকট, পর্যাপ্ত ওষুধের স্বল্পতা, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি না থাকা এবং হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকা নিয়ে।
​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। এছাড়া পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত থাকলেও তাঁরা বর্তমানে অন্যত্র সংযুক্ত (সংযুক্তিতে কর্মরত) রয়েছেন। তিনি বলেন, "সীমিত জনবল নিয়েই আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও কিছু সংকট রয়েছে।
​স্থানীয় সচেতন মহল ও রোগীরা মনে করছেন, চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। একই সঙ্গে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত