শ্রীমঙ্গলের সময়

ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

বিশ্ব · 2026-11-10T16:48:00.000000Z · ডেস্ক রিপোর্ট

যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও হুমকি হিসেবে দেখছেন দেশটির ৭৪ শতাংশ মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) সাম্প্রতিক এক জরিপে ব্রিটিশদের এমন মনোভাবের চিত্র উঠে এসেছে।

গত ৫ নভেম্বর প্রকাশিত ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপের তথ্য অনুযায়ী, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। দুই দশকে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের শরৎকালেও ইসরায়েলকে হুমকি মনে করা মানুষের হার ছিল ৭৩ শতাংশ।

গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ব্রিটিশদের এই মনোভাবের পেছনে অন্যতম প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও জনমতের বড় পরিবর্তন দেখা গেছে। সর্বশেষ জরিপে দেশটিকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ। ২০২৪ সালে এই হার ছিল ৩৫ শতাংশ। ১৯৯৪ সালে বিল ক্লিনটনের প্রেসিডেন্ট থাকাকালে মাত্র ২২ শতাংশ ব্রিটিশ যুক্তরাষ্ট্রকে এমন হুমকি মনে করতেন। ২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশের শাসনামলে তা বেড়ে ৪৭ শতাংশে পৌঁছায়।

ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ব্রিটিশদের উদ্বেগ বাড়িয়েছে।

জরিপে বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া। দেশটিকে গুরুতর হুমকি মনে করেন ৮৯ শতাংশ ব্রিটিশ। এ ছাড়া ইরানকে ৭৫ শতাংশ, উত্তর কোরিয়াকে ৬৬ শতাংশ এবং চীনকে ৬২ শতাংশ উত্তরদাতা হুমকি হিসেবে দেখেছেন।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ব্রিটিশদের অর্থনৈতিক উদ্বেগও বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গত ৫ নভেম্বর ব্যাংক অব ইংল্যান্ড মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এটিই ছিল প্রথম সুদহার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া ও দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়ছে।

সুদের হার বাড়ায় গৃহঋণসহ বিভিন্ন ধরনের ঋণের ব্যয় আরও বাড়তে পারে। ফলে আন্তর্জাতিক সংঘাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ব্রিটিশদের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ন্যাটসেনের জরিপে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়েও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। জরিপে ৪২ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাজ্যের স্বার্থে পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন মাত্র ৯ শতাংশ।

প্রতিবেদনের লেখক সোফিয়া গ্যাস্টনের বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের কৌশলগত প্রতিযোগিতা এবং মার্কিন নেতৃত্ব নিয়ে সংশয়ের কারণে ব্রিটিশদের নিরাপত্তা ভাবনায় পরিবর্তন এসেছে।

১৯৮৩ সাল থেকে যুক্তরাজ্যে ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপ পরিচালনা করে আসছে ন্যাটসেন। দেশটির সামাজিক ও রাজনৈতিক মনোভাব বোঝার ক্ষেত্রে এটি দীর্ঘতম ধারাবাহিক জরিপগুলোর একটি।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত