শ্রীমঙ্গলের সময়

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ

সারাদেশ · 2026-11-10T16:59:28.000000Z · ডেস্ক রিপোর্ট

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুকুর থেকে বড় মাছ লুট এবং বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার। পুলিশ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে বড় মাছ লুটের পর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ; থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ।

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার তিনজনকে অভিযুক্ত করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি এ অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন শেরপুর উপজেলার শিবপুর গ্রামের মো. রফিক হাজী (৭০), মো. আমিনুল ইসলাম (৬০) ও মো. মজনু হোসেন (৫৫)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামের রবীন্দ্রনাথ হাওয়ালদার খামারকান্দি মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া ১৮৫ শতক (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিজেদের দাবি করে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করেন। সেখানে প্রতিপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রশাসন রবীন্দ্রনাথ হাওয়ালদারকে পুকুরে মাছ চাষের অনুমতি দেয়। এরপর বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে প্রায় চার মাস আগে তিনি পুকুরে মাছের পোনা ছাড়েন।

অভিযোগে বলা হয়, গত রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার চেষ্টা করেন। এতে রবীন্দ্রনাথ বাধা দিলে তাঁকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ওই দিন দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুকুর থেকে রুই ও কাতলসহ বড় আকারের মাছ ধরে নিয়ে যায়। পরে অবশিষ্ট মাছের মধ্যে বিষ প্রয়োগ করা হলে বিভিন্ন জাতের ছোট মাছ মরে পানিতে ভেসে ওঠে।ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার বলেন, “প্রশাসনের অনুমতির পর ধারদেনা করে মাছ চাষ করেছিলাম। চার মাসের পরিশ্রমে মাছগুলো বড় হয়েছিল। রাতের আঁধারে রুই ও কাতলসহ বড় মাছগুলো তারা ধরে নিয়ে গেছে, আর পুকুরে বিষ ঢেলে দেওয়ায় সব ছোট মাছ মরে ভেসে উঠেছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের সম্মতিতে মাছ চাষ শুরু করার পর চার মাস ধরে মাছগুলো বড় হচ্ছিল। রাতের আঁধারে বড় মাছ নিয়ে যাওয়া এবং পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় পরিবারটি অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, এ বিষয়ে তিনি এখনো অবগত নন এবং তাঁকে কোনো কিছু জানানো হয়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, পুকুরে বিষ প্রয়োগ ও মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত