টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ; ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগে সমর্থনের ঘোষণা
সারাদেশ · 2026-11-17T07:53:19.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। একই সাথে দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তাঁরা।
পদত্যাগকারী ব্যক্তিরা হলেন— চর কুশলী গ্রামের বাসিন্দা মো. লুৎফর ফকির এবং তাঁর ছেলে মিরান ফকির।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিরান ফকির জানান, তাঁর বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ এবং তিনি সক্রিয় রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না। অতীতে তাঁদের দুজনকেই ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। যদিও দলটিতে তাঁদের কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ ছিল না, কেবল সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির আরও অভিযোগ করেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকাকালে তাঁরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। স্থানীয় নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড, বিশেষ করে অযথা সাধারণ মানুষকে আটক, হয়রানি, মারধর ও বিশৃঙ্খলার মতো বিষয়ের সঙ্গে নিজেদের আদর্শের মিল খুঁজে না পাওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে মিরান ফকির বলেন, "গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কেন মানুষকে মারধরের শিকার হতে হবে?"
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের গভীর আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে।”
নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন মিরান ফকির।
তবে বাবা-ছেলের এই পদত্যাগ এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের মতামত জানা সম্ভব হয়নি।