শ্রীমঙ্গলের সময়

উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক ২

সারাদেশ · 2026-11-17T07:43:06.000000Z · সিনিয়র রিপোর্টার


​কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
​আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৩৪/৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​আটককৃত ব্যক্তিরা হলেন— উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
​বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পালংখালী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে পোটলা হাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের থামার সংকেত দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
​এরপর তাঁদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১ লাখ ৪০ হাজার পিস।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
​অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতা এবং অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত