গোপালগঞ্জে ১১ টন বীজধান বিতরণ কার্যক্রমের উদ্বোধন: তিন জেলায় চাষিরা পাবেন উচ্চফলনশীল জাতের বীজ
সারাদেশ · 2026-11-17T08:04:14.000000Z · মোঃ সাইফুল ইসলাম
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ‘ব্রি ধান ১০৮’সহ বিভিন্ন জাতের বীজ ৩ জেলায় বিনামূল্যে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ূন কবির বক্তিয়ার, বৈজ্ঞানিক কর্মকর্তা শাহরিয়ার কবির এবং গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা এলাকার কৃষক ও কৃষাণীদের হাতে বিনামূল্যে বীজধান তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সঠিক সময়ে মানসম্মত বীজ পাওয়ার ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন জানান, ব্রি’র উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতগুলো গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় ছড়িয়ে দিতে তাদের কার্যালয় নিয়মিত কাজ করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় এই তিন জেলায় ১০ টন ‘ব্রি ধান ১০৮’ এবং হাইব্রিড জাতের মধ্যে ‘ব্রি হাইব্রিড ধান-৩’, ‘ব্রি হাইব্রিড ধান-৫’ ও ‘ব্রি হাইব্রিড ধান-৮’ মিলিয়ে মোট ১ টন (সর্বমোট ১১ টন) বীজ বিতরণ করা হচ্ছে। এই উন্নত জাতের ধান আবাদের মাধ্যমে এলাকার কৃষকরা অধিক ফলন ও আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।