শ্রীমঙ্গলের সময়

ময়মনসিংহে দুই খুনের নেপথ্যে বালুর ব্যবসা নিয়ে বিরোধ

সারাদেশ · 2026-11-16T13:21:39.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হত্যায় প্রধান সন্দেহভাজন সওদাগর মেহেদী হাসানকে (৩১) গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরপর দুটি হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় শোক, উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে নাম আসে সওদাগর মেহেদী হাসানের। পরে তাকে খুঁজতে থাকে পুলিশ। তবে পুলিশের হাতে ধরা পড়ার আগেই গণপিটুনির শিকার হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সুরুজ জামানের হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের মাটিতে তখনো রক্তের দাগ রয়েছে। যে দুটি দোকানের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, সেগুলোর শাটার বন্ধ। স্থানীয় লোকজন দাঁড়িয়ে রক্তের দাগ দেখছিলেন। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, রোববার সন্ধ্যায় ৪ বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে জুতা কিনতে বের হয়েছিলেন সুরুজ জামান। কেনাকাটা শেষে মোটরসাইকেলে ওঠার সময় মেয়েকে কোলে তুলছিলেন তিনি। তখন পেছন থেকে কয়েকজন তাকে ঘিরে ধরেন। তাদের একজন ছুরিকাঘাত করেন। শিশুকন্যার সামনেই প্রাণ হারান তিনি।

সোমবার দুপুর ১২টার দিকে সুরুজ জামানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে লাশবাহী গাড়িতে তার মরদেহ রাখা হয়েছে। শেষবারের মতো তাকে দেখতে প্রতিবেশী ও স্বজনেরা ভিড় করেন।

সুরুজের ভাই নোমান কাওসার অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তার ভাষ্য, সুরুজ জামান স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বালুর ব্যবসা নিয়ে তার ভাইয়ের সঙ্গে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলমের বিরোধ ছিল। কিছুদিন আগে এ নিয়ে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

সুরুজ জামানের ভাগনে ওয়াসিবুর রহমান সায়েমও রাজনৈতিক বিরোধের অভিযোগ করেন। তিনি বলেন, শিশুসন্তানের সামনে তার মামাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও সওদাগর জাহাঙ্গীর আলম একসময় এলাকায় একসঙ্গে বালুর ব্যবসা করতেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে যান। তবে সুরুজ জামান ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, বালুর ব্যবসা নিয়ে বিরোধ থেকেই পরপর দুটি হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে পুলিশ বলছে, ঘটনার পেছনে আরও একাধিক বিষয় রয়েছে, যা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সোমবার দুপুর ১টার দিকে মেহেদী হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে মানুষের ভিড় থাকলেও পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ স্বজনদের কাউকে পাওয়া যায়নি। বাড়ির একতলা পাকা ভবনের পাশে টিনশেডের আধা পাকা একটি ঘর আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া আসবাবপত্রের ছাই। একটি কক্ষে মোটরসাইকেল ও ফ্রিজ, অন্য কক্ষে শোকেস এবং আরেক কক্ষে ভাঙা থালা-বাসন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, সুরুজ জামান হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তার স্বজনেরা মেহেদীদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন।

সওদাগর মেহেদী হাসান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই সওদাগর জাহাঙ্গীর আলম ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) . আবদুল্লাহ আল-মামুন জানান, সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানের নাম পাওয়া গিয়েছিল। তার সহযোগীদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার পেছনে দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে তদন্ত করছেন। মেহেদীকে খুঁজছিল পুলিশ। তবে তাকে উদ্ধারের আগেই গণপিটুনির ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুর ২টার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদরাসা মাঠে সুরুজ জামানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে ছিল মেহেদীর মরদেহ। এ সময়ের মধ্যে মেহেদীর পরিবার বা আত্মীয়-স্বজন কাউকে হাসপাতাল মর্গে দেখা যায়নি।

জানাজার আগে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জনতার উদ্দেশে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত