গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ নিতে আসেনি পরিবার
সারাদেশ · 2026-11-16T13:36:13.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীতে একরাতে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুই খুনের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানের (৩৫) মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে, গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাই মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে আসেনি তার পরিবারের স্বজনরা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কর্তব্যরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১২ টার দিকে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, দিন গড়িয়ে সন্ধ্যা হলেও গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাই মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে আসেনি তার পরিবারের স্বজনরা।
এর আগে সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।
গণপিটুনিতে নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানের গতি রোধ করে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাই জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ্জামান হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ঢাকা বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
পরে রাতেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মেহেদি হাসানের বাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মেহেদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।