মোহনগঞ্জে নাশকতার মামলা: উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
সারাদেশ · 2026-11-16T12:22:31.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নুরুল আমিন (৫৫) মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, আসামিরা নাশকতার উদ্দেশ্যে এলাকায় মশাল মিছিল, সড়ক অবরোধ এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন জানান, "সম্প্রতি দায়ের করা একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি নুরুল আমিন। আজ দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।"
তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।