ভৈরব নদে জাহাজের ধাক্কায় তলিয়ে গেল বালুবোঝাই বাল্কহেড
সারাদেশ · 2026-11-16T13:34:55.000000Z · স্টাফ রিপোর্টার
ঘনকুয়াশার মধ্যে নৌপথে চলাচলের সময় লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে ভৈরব নদে ডুবে গেছে বালুবোঝাই একটি বাল্কহেড।
সোমবার (১৬ নভেম্বর) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী ‘এমভি মারুফ-১’ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে বালুবোঝাই ‘লামিয়া শরীফ’ বাল্কহেডটির সংঘর্ষ হয়। জাহাজটির ধাক্কায় বাল্কহেডটি নদীতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাল্কহেডে থাকা তিনজনকে উদ্ধার করেন। দুর্ঘটনার পর লাইটার জাহাজটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফ গোলাম রাব্বি জানান, সকালে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ উল্টোপথে চলতে গিয়ে তাদের বাল্কহেডের বাঁ পাশে সজোরে আঘাত করে। আঘাতের পর কয়েক মিনিটের মধ্যেই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এতে থাকা তিনজনই অক্ষত রয়েছেন।
তিনি আরও জানান, নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালু নিয়ে বাল্কহেডটি অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই ভৈরব নদে সংঘর্ষের কবলে পড়ে নৌযানটি।
এদিকে দুর্ঘটনার পর ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার এবং নৌপথে চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।