চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
সারাদেশ · 2026-11-16T12:27:09.000000Z · স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে গঠিত আটটি বিশেষ টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার বিকেল ৩টায় পৌর এলাকার শাহীবাগ, চক্ষু হাসপাতাল ও এর আশপাশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।
অভিযানে ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক নেতৃত্ব দেন। এতে আরও অংশ নেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. করিম, পৌরসভার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় সচেতনতামূলক বক্তব্যে বলা হয়, শুধু ওষুধ ছিটালেই হবে না; বাড়ির আশপাশে জমে থাকা পানি ও পরিত্যক্ত পাত্রে এডিস মশা বংশ বিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা। সবার সম্মিলিত সচেতনতাই ডেঙ্গুর বিস্তার রোধ করতে পারে।