শ্রীমঙ্গলের সময়

মেলান্দহে জমি বিরোধে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সারাদেশ · 2026-10-24T12:56:14.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. গোলাম মোস্তফা (৪৭)।

অভিযোগকারী গোলাম মোস্তফা উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার মৃত রবিউল আলমের ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন—একই এলাকার নাজির উদ্দিনের ছেলে পাবেল (৩৫), রিপন (৪৮), উজ্জল (৪০), মৃত কানু মন্ডলের ছেলে নাজির উদ্দিন (৭০) এবং রিপনের ছেলে হামিদুল (২৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, ছবিলাপুর মৌজার ৪৪৮ ও ৪৫১ নম্বর খতিয়ানের ৫৯৮, ৬০৯ ও ৬১১ নম্বর দাগে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন গোলাম মোস্তফা। গত শুক্রবার সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া ঘরে থাকা নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, গোলাম মোস্তফার টিনের চালাটি তাদের জমিতে ছিল। তাই সেটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ তারা অস্বীকার করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত