মাদারগঞ্জের কয়ড়ায় প্রবাসীর উদ্যোগে ৩১২ ফুট কাঠের সেতু, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর
সারাদেশ · 2026-10-24T13:41:30.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৩৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী সেতু। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে জাপানপ্রবাসী ইফতেখার লেমন চৌধুরীর উদ্যোগে কয়ড়া মুদিবাড়ী ঘাটে নির্মাণ করা হয়েছে ৩১২ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু। সাময়িক স্বস্তি ফিরলেও ঘাটটিতে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কয়ড়া মুদিবাড়ী ঘাটে স্থায়ী সেতু না থাকায় তাঁদের যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন চলাচল ও প্রয়োজনীয় কাজে ঘাটটি পার হতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে প্রবাসী ইফতেখার লেমন চৌধুরীর উদ্যোগে কাঠের সেতুটি নির্মিত হওয়ায় আপাতত তাঁদের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কাঠের সেতু নির্মাণের ফলে পারাপারে সাময়িক স্বস্তি মিলবে। তবে কাঠের সেতু দীর্ঘমেয়াদি সমাধান নয়। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি।
তাঁদের দাবি, দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয় এবং কয়ড়া মুদিবাড়ী ঘাটে স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা করে।