চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট '২৬ অনুষ্ঠিত
সারাদেশ · 2026-10-24T18:53:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ ‘নবীনবরণ ও একাডেমিক ফেস্ট ’২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। তরুণ সমাজকে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”প্রধান আলোচক জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।”বিশেষ আকর্ষণের বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজজীবনকে জ্ঞান অর্জন, সৃজনশীলতা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশের শ্রেষ্ঠ সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক নেতৃত্বের চর্চা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।