শ্রীমঙ্গলের সময়

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সারাদেশ · 2026-10-24T12:53:43.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

অভিযুক্ত রিয়াজুল আলম শাহীন (৩০) ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা একাধিক মামলার আসামি রিয়াজুল আলম শাহিনের অবস্থান জানতে পারেন। পরে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। শাহিনকে গ্রেপ্তারের পর ভাড়ায় নেওয়া সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে আসার পথে একদল ব্যক্তি পুলিশের পথরোধ করেন। পরে সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করে পুলিশের হেফাজত থেকে শাহিনকে ছিনিয়ে নিয়ে যান। এসময় তারা পুলিশ সদস্যদের মারধর করেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া (২৬) ও এমদাদুল হক (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ সদস্যরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় শনিবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, এঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত