একটি উপজেলাতেই ৫৩ টি ইটভাটা মাত্র ৪ মাসে কি সম্ভব নির্মুল করা
সারাদেশ · 2026-10-29T13:00:57.000000Z · জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতেই ৫৩টি অবৈধ ইটভাটা থাকার তথ্য সামনে এসেছে। এর মধ্যে একটি ইউনিয়নে রয়েছে ১৯টি, আর নতুন করে গড়ে উঠেছে আরও ১০টি বলে দাবি করা হচ্ছে। সীমিত সময়ে অভিযান চালিয়ে এসব ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতেই অবৈধ ইটভাটার সংখ্যা ৫৩টি! এর মধ্যে একটি ইউনিয়নেই রয়েছে ১৯টি, নতুন করে গড়ে উঠেছে আরও ১০টি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান কতটা কার্যকর হচ্ছে?
প্রতি বছর লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য কার্যত চার মাস সময় পাওয়া যায় বলে ধরা হলে, ১২০ দিনের মধ্যে সরকারি ছুটি ও বন্ধের দিন বাদ দিয়ে যদি ৯০ দিনও অভিযান পরিচালনা করা হয়, তাহলে প্রতিদিন একটি করে ইটভাটায় অভিযান চালিয়ে সর্বোচ্চ ৯০টি ইটভাটায় ব্যবস্থা নেওয়া সম্ভব। আর প্রতিদিন একটি করে ইটভাটা ভাঙার হিসাব ধরলে শুধু রামগতির ৫৩টি ইটভাটার ক্ষেত্রেই প্রায় দুই মাসের অভিযান প্রয়োজন।
তাহলে লক্ষ্মীপুরের বাকি পাঁচটি উপজেলায় থাকা বহু অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান কখন, কীভাবে পরিচালনা করা হবে?
অবৈধ ইটভাটার বিস্তার রোধে শুধু লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ। পরিবেশদূষণ রোধ এবং আইন বাস্তবায়নে প্রশাসনের পরিকল্পনা, অভিযান পরিচালনার সক্ষমতা ও জবাবদিহি নিয়ে এখনই প্রশ্ন তোলা জরুরি।
জনগনের প্রশ্ন একটাই—অবৈধ ইটভাটার সংখ্যা যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে কয়েক মাসের বিচ্ছিন্ন অভিযান দিয়ে লক্ষ্মীপুরের পরিবেশ রক্ষা কতটা সম্ভব?