শ্রীমঙ্গলের সময়

ঐক্য ছাড়া মুক্তি নেই: ড. আ ফ ম খালিদ হোসেন

সারাদেশ · 2026-11-17T07:18:09.000000Z · জেলা প্রতিনিধি

দল-মত ও প্রতিষ্ঠানের ক্ষুদ্র স্বার্থ ভুলে আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, মুসলিমদের কালেমা, কিবলা, কুরআন ও নবী এক হলেও তারা নানা দলে ও মতে বিভক্ত। এই অনৈক্যের সুযোগেই জালেমরা তাদের ওপর চেপে বসেছে। লক্ষ্মীপুরে ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জেলা শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়।

পারস্পরিক ঐক্য ও সংহতি ছাড়া জাতি ও উম্মাহর মুক্তির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. আ ফ ম খালিদ হোসেন। দল-মত ও প্রতিষ্ঠানের ক্ষুদ্র স্বার্থ এবং বিভেদ ভুলে আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১৬ নভেম্বর (সোমবার) লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের কালেমা এক, কিবলা এক, কুরআন এক এবং নবী এক—তাহলে আমরা আজ কেন আলাদা? মনে রাখতে হবে, আমরা যখন এক ছিলাম, তখন কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি।’

বর্তমান সময়ের সংকটের মূল কারণ হিসেবে অভ্যন্তরীণ বিভক্তিকে দায়ী করে তিনি বলেন, আজ আমরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছি। আমরা দলে বিভক্ত, মতে বিভক্ত, এমনকি মসজিদ ও মাদ্রাসার মতো পবিত্র প্রতিষ্ঠানগুলোতেও বিভক্ত। আমাদের এই চরম অনৈক্য ও বিভক্তির সুযোগ নিয়েই জালেমরা আমাদের ঘাড়ে চেপে বসেছে।

ইতিহাসের উদাহরণ টেনে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একজন ইতিহাসের ছাত্র হিসেবে তিনি দৃঢ়তার সঙ্গে বলতে পারেন, মুসলিম জাতির ইতিহাসে যত বিপর্যয় ও পরাজয় এসেছে, তার প্রতিটিই অভ্যন্তরীণ বিভক্তির মধ্য দিয়ে এসেছে। মুসলিমরা যখন ঐক্যবদ্ধ ছিল, তখন বিশ্বের কোনো শক্তি তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। কিন্তু যেদিন থেকে তারা বিভক্ত হয়েছে, সেদিন থেকেই তাদের পরাজয় ও অধঃপতনের শুরু হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে সব ধরনের ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে একে অপরকে বুকে টেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে একটি ইস্পাতকঠিন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলেম-উলামাদের করণীয় ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথিরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফী এবং চরমোনাই ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমাম। এ ছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থেকে ঐক্যের ডাক দেন।

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সম্মেলনের শেষ পর্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি সুলাইমানকে সভাপতি এবং মাওলানা মো. আবু সাঈদ সালমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত