শ্রীমঙ্গলের সময়

সুন্দরবন ও উপকূল রক্ষায় মোংলায় মানববন্ধন, দাবি জলবায়ু ক্ষতিপূরণের

সারাদেশ · 2026-11-17T07:14:08.000000Z · জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, উপকূলীয় এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা, সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব জ্বালানির সম্প্রসারণের দাবি জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূল রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের প্রকৃতি ও জনজীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, আর উপকূল বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট অ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বে মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম করলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতের শিকার হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করে সুন্দরবন। অথচ সেই সুন্দরবনই আজ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। জলবায়ু তহবিলের অর্থের বড় অংশ ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। তাই ঋণ নয়, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম, লিডার্সের বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি এশিয়ার ফুসফুস। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য সবুজ জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। জলবায়ু উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি, কয়লা ও শিল্পদূষণে নদ-নদীতে মাছের সংকট দেখা দিচ্ছে। নিরাপদ খাবার পানির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে উপকূলের মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছেন। তাই দয়া বা অনুকম্পা নয়, উন্নত বিশ্বের কাছে বাংলাদেশের ন্যায্য জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। এতে নারী ও শিশুদের স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। উপকূলের নারীরা দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের ফলে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিঃশর্ত অর্থায়নের দাবি জানান।

সমাবেশ থেকে সুন্দরবন ও উপকূল রক্ষায় কার্যকর পদক্ষেপ, জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণের দাবি জানানো হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত