শ্রীমঙ্গলের সময়

বড়লেখায় নিসচার উদ্যোগে দোয়া মাহফিল, নগদ অর্থ ও কোরআন মজিদ বিতরণ

সিলেটের খবর · 2026-10-23T18:08:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক

জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি এবং তাঁর সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল, হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মজিদ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।​একই সঙ্গে মাহফিলে সংগঠনের প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের সদ্যপ্রয়াত পিতা আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের নবজাতক পুত্র আব্দুল হাদি, কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী আসাদ উদ্দিনের মাতা সুফিয়া বেগমসহ নিসচা নেতৃবৃন্দের পরিবার-পরিজন ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন।​এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বড়লেখা পৌর শহরের জামেয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ এবং প্রধান অতিথির বক্তব্য দেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ইয়াহইয়া আহমেদ, মাওলানা শাহিদুর রহমান ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এ সময় জামেয়া মাদানিয়া মাদ্রাসার দেড় শতাধিক হিফজ শিক্ষার্থী ও নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানে বক্তারা বলেন, "১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জাহানারা কাঞ্চন। তাঁর এই অকাল মৃত্যুর পর থেকেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশের সড়কগুলোকে নিরাপদ করার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেন এবং গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠন। দীর্ঘ ৩৩ বছর ধরে এই সংগঠনটি দেশের কল্যাণে, সড়ক দুর্ঘটনা রোধে এবং জনস্বার্থে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত